দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। এতে বন্দরসংশ্লিষ্ট আমদানিকারক, শ্রমিক, পরিবহন মালিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টদের আশা, পাথর আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে।
বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানি গত ২৭ জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি শুরু করেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২৭টি ট্রাকে পাথর আমদানি করেছে।
বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পাথর আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। একই সঙ্গে শ্রমিক, পরিবহন খাত এবং বন্দরের বিভিন্ন সেবার সঙ্গে জড়িতদের কর্মসংস্থানও কমে যায়। ফলে বন্দরের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পুনরায় পাথর আমদানি শুরু হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
আমদানিকারকরা জানান, ধারাবাহিকভাবে পাথর আমদানি অব্যাহত থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণসামগ্রীর চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বাজারে পাথরের সরবরাহ বৃদ্ধি, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করেই আমদানিকৃত পাথর খালাস করা হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি পরিমাণে পাথর আমদানির সম্ভাবনা রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জিএমআরএম/এসআর