ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ২০৩০ সাল পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের সঙ্গে চুক্তি হয়েছে সাবেক এই তারকা ফুটবলারের।
বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, তাঁর উত্তরসূরি হতে যাচ্ছেন জিদান। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।
১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও পেয়েছেন বড় সাফল্য। রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। ২০২১ সালে রিয়ালের দ্বিতীয় মেয়াদ শেষ করার পর দীর্ঘদিন কোচিংয়ের বাইরে ছিলেন ৫৪ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি।
এবার ফিরছেন জাতীয় দলের দায়িত্বে। ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া ফ্রান্সকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব এখন জিদানের কাঁধে।
দায়িত্ব নেওয়ার পর জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তাঁর জন্য একই সঙ্গে আনন্দ ও গর্বের। তিনি বলেন, জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। তাই এই দায়িত্ব তাঁর জন্য অনেক বড় সম্মানের পাশাপাশি বড় একটি দায়িত্বও।
ফ্রান্স ফুটবল ফেডারেশন, এর প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানিয়ে জিদান বলেন, জাতীয় দলকে নিয়ে তাঁর অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কোচ হিসেবে বেশ কিছু প্রস্তাব পেলেও সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন জিদান। ফ্রান্সের হয়ে তাঁর নতুন অধ্যায় শুরু হতে পারে আগামী ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে।
-টিএস