দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম, লুটপাট ও জ্বালানি খাতে ভুল নীতির কারণে সৃষ্ট সংকটের প্রভাব এখনো দেশের বিনিয়োগ ও শিল্প খাতে পড়ছে। বর্তমানে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোকেই পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ কারণে আপাতত নতুন শিল্পে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন, একটি দেশের শিল্পায়নের জন্য জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধানের কাজ চলছে। পাশাপাশি সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য দ্রুত দরপত্র প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তবে সমুদ্র থেকে গ্যাস উত্তোলন শুরু হতে কয়েক বছর সময় লাগতে পারে।
এ সময়ের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানো এবং ভোলার গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ‘এই সংকট একদিনে তৈরি হয়নি, তাই এর সমাধানও রাতারাতি সম্ভব নয়। অতীতের ভুলের কিছু মূল্য দেশকে দিতেই হচ্ছে। তবে সরকার সমস্যাগুলো মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে।’
তিনি আরও বলেন, অতীতের সব সমস্যার দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া সরকারের উদ্দেশ্য নয়; বরং বাস্তবতা তুলে ধরাই লক্ষ্য। তথ্য-উপাত্তের ভিত্তিতে যে কেউ এ বিষয়ে আলোচনা করতে পারেন।
সরকারের আন্তরিকতার প্রসঙ্গ তুলে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীও সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠকে স্বীকার করেছেন, অতীতে প্রায় সব খাতেই সমস্যা তৈরি হয়েছে। সব কাজ নিখুঁতভাবে করা সম্ভব না হলেও সরকার আন্তরিকতার সঙ্গে পরিস্থিতির উন্নয়নে কাজ করছে এবং জনগণও সেই প্রচেষ্টা উপলব্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
-টিএস