যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তি বাস্তবায়ন এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ শান্তি চুক্তির লক্ষ্যে আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৪ থেকে ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কারিগরি পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের মধ্যে জুনের শেষ দিকে ঘোষিত ফ্রেমওয়ার্ক চুক্তির বাস্তবায়ন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
এমন এক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন দক্ষিণ লেবাননের প্রথম পাইলট জোনের নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করেছে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন।
মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রোমের বৈঠকে পাইলট জোনের সম্প্রসারণ, সীমান্তসংক্রান্ত বাকি বিরোধ নিষ্পত্তি এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তা চুক্তির দিকে এগিয়ে যাওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।
তিনি জানান, প্রথম পাইলট জোন থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ধাপে ধাপে আরও পাইলট জোন চালুর পরিকল্পনা রয়েছে। তার মতে, বিদ্যমান ফ্রেমওয়ার্ক চুক্তিই ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর ভিত্তি।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সীমান্ত বিরোধের প্রেক্ষাপটে রোমের এই বৈঠককে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
-টিএস