সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা হ্রাস এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৮ হাজার ৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় কয়েকটি বিকট শব্দ সৃষ্টিকারী হাইড্রলিক হর্ন খুলে জব্দ করা হয়।
সোমবার বিকেলে সদর উপজেলার মধুপুর এলাকায় ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন। এ সময় বিআরটিএর মোটরযান পরিদর্শক সোহাগ হোসাইন, বেঞ্চ সহকারী হারুন-অর রশিদ এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল এবং বিকট শব্দের হাইড্রলিক হর্ন ব্যবহারের অভিযোগে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৮ হাজার ৪ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি কয়েকটি অবৈধ হাইড্রলিক হর্ন খুলে জব্দ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও জনভোগান্তি কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
জেডইউআর/এসআর