দেশীয় মাছের সুরক্ষা ও সংরক্ষণে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২২ জুলাই) দুপুরে ধনবাড়ী পৌরসভার নিজবর্ণি এলাকার সওদাগর পাড়ায় এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং সংশ্লিষ্ট বিধিমালা, ১৯৮৫-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ রিপন হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এইচআর/আরএন