নওগাঁর পত্নীতলায় স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে জমা রাখা আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। এ সময় তারা সমিতির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ তুলে দ্রুত টাকা ফেরত এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারীদের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তারা।
বুধবার (২২ জুলাই) দুপুরে নজিপুর পৌরসভার নতুনহাট চার রাস্তার মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ আমানতকারীর অংশ নেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরতের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক মো. আবু বক্কর সিদ্দিক, মো. আসাফউদ্দৌলা চৌধুরী (টগর), রোকছানা পারভীন লাকি, নূর ইসলাম বাবুসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ২০২০ সালে নজিপুর পৌরসভার নতুনহাট এলাকায় ওবায়দুল ইসলাম নান্টু, আপেল মাহমুদসহ কয়েকজন মিলে স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠা করেন। অধিক মুনাফার আশ্বাস দিয়ে তারা স্থানীয় মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আমানত হিসেবে সংগ্রহ করেন। কিন্তু পরে আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ কিংবা প্রতিশ্রুত লভ্যাংশ ফেরত চাইলে নানা অজুহাতে টালবাহানা শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিকাংশ গ্রাহক তাদের টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেন তারা।
লিখিত অভিযোগে ভুক্তভোগীরা আরও উল্লেখ করেন, সমিতির সভাপতি, সহসভাপতি, সম্পাদক ও কয়েকজন সদস্যের বিরুদ্ধে তারা পত্নীতলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী আবু বক্কর সিদ্দিক জানান, তিনি একাই ১৬ লাখ টাকা আমানত রেখেছেন। এছাড়া আসাফউদ্দৌলা চৌধুরী (টগর), রোকছানা পারভীন লাকি, নূর ইসলাম বাবু, মিনা খাতুন, হবিবর রহমান, মুক্তি রানীসহ আরও অনেক গ্রাহক কয়েক লাখ টাকা করে সমিতিতে জমা রেখেছেন। তাদের দাবি, সব মিলিয়ে সমিতিতে কয়েক কোটি টাকার আমানত আটকে রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, মানববন্ধনের কর্মসূচি ঘোষণার পর আন্দোলনে অংশ নিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “এগুলো আমাদের ঘামের টাকা, পরিশ্রমের টাকা। বহু বছর ধরে টাকা ফেরত না পেয়ে আমরা চরম আর্থিক সংকটে পড়েছি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে আমাদের আমানতের টাকা ফেরত চাই।”
এ বিষয়ে স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়িকভাবে আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছি। এ কারণে নির্ধারিত সময়ে টাকা পরিশোধে সমস্যা হয়েছে। তবে আমরা গ্রাহকদের ধৈর্য ধরতে বলেছি এবং পর্যায়ক্রমে সবার পাওনা পরিশোধের চেষ্টা করছি। ইতোমধ্যে অনেক গ্রাহককে লভ্যাংশও দেওয়া হয়েছে।”
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কেকেএইচ/এসআর