জম্মু ও কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন লালচক এলাকায় পুলিশের একটি টহলদলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীরা। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে লালচক এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় হঠাৎ জঙ্গলের আড়াল থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
হামলার পর পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালান। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে অনন্তনাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পুলিশ কনস্টেবলের নাম আশিক হুসেন। তিনি অনন্তনাগ যাত্রার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) এক সদস্যও আহত হয়েছেন। হামলার পরপরই হামলাকারীদের ধরতে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।
নিরাপত্তা বাহিনী হামলাকারীদের পালানোর সম্ভাব্য সব পথ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে।