ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি: হাসনাত আব্দুল্লাহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম আপডেট: ২১.০৭.২০২৬ ৮:০৫ পিএম
X

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। নতুন এ বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। এ দেশের তরুণ ছাত্র-জনতা রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’র প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। দেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই। আমরা তরুণ, আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে বর্তমানে সংসদে এনসিপির ৬ জন এমপি আপনাদের কথা তুলে ধরছেন। আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি ১৬০ জন সংসদ সদস্য নিয়ে এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবে।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, আপনারা জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও তা বাস্তবায়ন করছেন না। অচিরেই জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের গণভোটের রায়কে মূল্যায়ন করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এ দেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের চিরতরে বয়কট করেছে।

পথসভায় তিনি চিতলমারীতে এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আগামী উপজেলা নির্বাচনে তাঁর জন্য ভোট চান। একই সঙ্গে পথসভার মঞ্চে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদানকারী নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান এবং জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহামুদা মিতু।

অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, কেন্দ্রীয় নারীশক্তির নেত্রী আজবীন আরোবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপির সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল, চিতলমারী উপজেলায় এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের পিতা শহিদুল মল্লিকসহ এনসিপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভা শেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপির নেতৃত্বে একটি জুলাই পদযাত্রা চিতলমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝