কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসে একটি শেল্টারে চাপা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন বছর বয়সী আরও এক শিশু।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা আাশ্রয় শিবিরের ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিবি হাফসা (১৮) ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত শিশু হলেন, একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে আব্দুল মজিদ (৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।
স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি জানান, সোমবার বিকেলে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢালে অবস্থিত একটি শেল্টারের ওপর হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি চাপা পড়ে ঘটনাস্থলেই বিবি হাফসা প্রাণ হারান। এ ঘটনায় শিশু আব্দুল মজিদ আহত হলে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে তিনি জানান।
এএইচএসইউ/এসআর