ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. সাইদুর রহমান।
তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক মো. সাইদুর রহমান দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাকে কর্মরত রয়েছেন। তিনি ২০২৩-২০২৪ সেশনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।
বর্তমানে তিনি দৈনিক ইত্তেফাকের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসআর