যশোরের শার্শায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৭৪ বোতল স্কাফসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গতকাল রবিবার যশোর জেলার শার্শা থানাধীন গোবিনাথপুর বটতলা এলাকায় প্রথম বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। সেখান থেকে অবৈধ মাদকদ্রব্য ২৬৯ বোতল উইনকেরেক্স ও ৩০ বোতল স্কাফসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, যশোরের শার্শা থানাধীন বটতলা গ্রামের বাসিন্দা মোঃ বশির ও মিনহাজ।
এর পর একই দিন বিকেলে শার্শা থানাধীন টেংরালী বাউন্ডারিপাড়া এলাকায় অপর এক অভিযান পরিচালনা করে ৭৪৪ বোতল স্কাফসহ আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। আটক এই আসামির নাম আবু বক্কর (৩৬), তিনি শার্শা থানাধীন টেংরালিপাড়া গ্রামের বাসিন্দা। অভিযান চলাকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে যশোর জেলার শার্শা থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত আলামত ও আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ