ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফাইনাল ঘিরে বর্ণিল আয়োজন, মঞ্চে উঠছেন বিশ্ব তারকারা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৯:৩৯ পিএম
X
Advertisement

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এবারের শিরোপা নির্ধারণী লড়াই শুধু মাঠের উত্তেজনায় সীমাবদ্ধ থাকছে না। নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মহারণকে ঘিরে থাকছে নজিরবিহীন সাংস্কৃতিক আয়োজন।

ফুটবল, সংগীত ও বিনোদনের মেলবন্ধনে সাজানো হয়েছে এবারের সমাপনী অনুষ্ঠান। ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) শুরু হবে এই আয়োজন।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন র‌্যাপার ও সংগীতশিল্পী পোস্ট মালোন। তার সঙ্গে মঞ্চ মাতাবেন ইতালিয়ান পপ তারকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী সংগীতশিল্পী জেনিফার হাডসন।

এবারের বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো হাফটাইম শো। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোলের আদলে প্রথমার্ধের বিরতিতে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের সৃজনশীল দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান কণ্ঠশিল্পী ক্রিস মার্টিন।

বিশেষ এই পরিবেশনার জন্য প্রথমার্ধের বিরতির সময় ১৫ মিনিট থেকে বাড়িয়ে ১৭ মিনিট করা হয়েছে। হাফটাইম শোতে অংশ নেবেন পপ তারকা ম্যাডোনা, লাতিন সংগীতশিল্পী শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, কানাডীয় গায়ক জাস্টিন বিবার এবং নাইজেরিয়ার আফ্রোবিট শিল্পী বার্না বয়।

এ ছাড়া বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের পরিচালনায় থাকবে অর্কেস্ট্রা পরিবেশনা। শিশু দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে হাজির হবে জনপ্রিয় চরিত্র সেসামি স্ট্রিট ও দ্য মাপেটস।

এদিকে ফাইনাল ম্যাচের টিকিটের চাহিদাও ছাড়িয়েছে আগের সব রেকর্ড। টিকিট ট্র্যাকিং প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ৭ হাজার ৫৯৫ মার্কিন ডলার। অন্যদিকে টিকপিক জানিয়েছে, একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্বকাপের এই ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন। চলতি আসরে এটিই হবে স্টেডিয়ামে ট্রাম্পের প্রথম উপস্থিতি।

বাংলাদেশের দর্শকরা বিটিভি, টি স্পোর্টস ও সময় টেলিভিশনের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

মাঠের শিরোপা লড়াইয়ের পাশাপাশি বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনা ও জমকালো আয়োজনের কারণে এবারের বিশ্বকাপ ফাইনাল হয়ে উঠতে যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম স্মরণীয় আসর।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement