ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম
X

সাভারের আশুলিয়ায় গভীর রাতে ইতিহাস পরিবহনের একটি চলন্ত লোকাল বাসে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। এসময় নিজের ইজ্জত বাঁচাতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন ওই নারী। এঘটনায় গুরুতর আহত ওই নারী শ্রমিক চিকিৎসা নিয়ে আশুলিয়ার থানায় মামলা দায়ের করলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর হারিয়ে যাওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত বাসের হেলপার এখনও পলাতক রয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন, পিপিএম। এর আগে, একই দিন ভোর রাতে সাভার মডেল থানার রাজ ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালক রাজুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া চালক মোঃ আজিজুল শিকদার ওরফে রাজু (৩৭) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হরিণহাটি এলাকার বাসিন্দা এবং বর্তমানে সে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থেকে ইতিহাস পরিবহনের গাড়ি চালাতেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক (২৭) আশুলিয়ার ইপিজেড-১ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করেন। গত ১২ জুলাই নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে আশুলিয়াগামী ইতিহাস পরিবহনের একটি লোকাল বাসে ওঠেন।

বাসটি শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে উঠতে দেননি। এতে তিনি আতঙ্কিত হয়ে বাস থামিয়ে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু চালক বাস থামানোর পরিবর্তে আরও দ্রুতগতিতে বাস চালাতে থাকেন।

ভুক্তভোগীর অভিযোগ, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ড ও ইপিজেড এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে পৌঁছালে বাসের হেলপার তার পাশে এসে জোরপূর্বক শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এসময় চালকও তাকে সহযোগিতা করেন। নিজেকে রক্ষার আর কোনো উপায় না দেখে জীবন বাজি রেখে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন ওই নারী। এতে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে অন্য একটি বাসের সহায়তায় আশুলিয়া এলাকায় এসে আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে অভিযুক্ত চালকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮) জব্দ এবং ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন পিপিএম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তের পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক হেলপারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝