ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুয়েতে দফায় দফায় ইরানের হামলা, বিমানের ভয়াবহ সিডিউল বিপর্যয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুয়েতে একদিনে অন্তত চারবার হামলা চালিয়েছে ইরান। ইসলামাবাদ সমঝোতা চুক্তিকে পাশ কাটিয়ে দেশটিতে টানা সাত দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। এর জবাবে কুয়েতে এ হামলা চালানো হয়েছে। এতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সিডিউলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত এয়ারওয়েজ যাত্রীদের জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আকাশপথ বন্ধ থাকার কারণে বেশিরভাগ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি সব যাত্রীকে তাদের ফ্লাইটের সর্বশেষ তথ্যের প্রতি নজর রাখতে অনুরোধ করছে। কারণ, যেকোনো হালনাগাদ তথ্য জানাতে বুকিংয়ের সময় নিবন্ধিত ফোন নম্বরে বিজ্ঞপ্তি ও টেক্সট বার্তা পাঠানো হবে।

আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত থাকায় চতুর্থবারের মতো বিমান হামলার সাইরেন বেজেছে।

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর জেনারেল স্টাফ জনগণকে বিস্ফোরণের শব্দ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় এসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে টানা ৭ রাত ধরে অভিযান পরিচালনা করছে সেন্টকম। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) নির্দেশনা মেনে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ‘ইরান পূর্ণমাত্রায় যুদ্ধে নামতে বাধ্য হবে।

শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রায় যুদ্ধে নামবে এবং সেক্ষেত্রে (মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের) কোনো রাজনৈতিক সীমান্ত সুরক্ষিত থাকবে না।

সূত্র:  আল জাজিরা 



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝