মেহেরপুরের গাংনীর ধর্মচাকী বোরিং নামক মাঠে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হক (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। একই সময়ে আহত হয়েছেন আরো দুজন কৃষক।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
কৃষক নুরুল হক ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের আবু তাহেরের ছেলে সাহারুল ইসলাম ও আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নুরুল হক, সাহারুল ও সাইফুল তিনজন ধর্মচাকী বোরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের সন্নিকটে কাজ করছিলেন। কাজ শেষে সকলেই হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলেই হঠাৎ সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। মাঠের লোকজন তাদেরকে উদ্ধার করে। এদের মধ্যে নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত নুরুল হক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআরএ/ এসআর