মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্যসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থকও দল থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে চেয়ারম্যানের নিজ বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমিত হোসেন কবির আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে মৌখিকভাবে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত থেকে মৌখিকভাবে অব্যাহতির ঘোষণা দেন ইউপি সদস্য আমির হোসেন, মো. পায়েল বেপারী, মো. রুহুল হাওলাদার, মো. মিল্টন মিয়া, মো. রফিকুল হাওলাদার, মো. রিন্টু, মো. জসিম, মো. হুমায়ুন কাজী এবং সংরক্ষিত নারী সদস্য মোসা. হাওয়া বেগম। তাদের সঙ্গে শতাধিক কর্মী-সমর্থকও একাত্মতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে অমিত হোসেন কবির বলেন, “আমি জনগণের সেবা ও তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে কোনো পদে থাকছি না।”
তিনি আরও বলেন, “আমাদের ঠাঁই দেওয়ার মতো কেউ নেই। দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলে থেকে কোনো লাভ নেই। আমি জনগণের প্রতিনিধি হিসেবে তাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জনগণ ভালোবেসে আমাকে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই আজ থেকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি নিলাম।”
তিনি বলেন, “আমার সঙ্গে ৯ জন মেম্বারও আজ থেকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান।
এএইচএস/এসআর