শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার দুপুর ২টার দিকে সাভারের পাকিজা এলাকায় শহীদ ইয়ামিন চত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে তারা। এর আগে মঙ্গলবারও একই স্থানে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক স্বাভাবিক করার চেষ্টা করেন।
প্রায় এক ঘণ্টা আরিচাগামী লেন অবরোধের পর দুপুর ৩টার দিকে আন্দোলনকারীরা ওই লেন থেকে অবরোধ তুলে নিয়ে ঢাকা অভিমুখী লেনে অবস্থান নেন এবং বিক্ষোভ চালিয়ে যান। পরে মুষলধারে বৃষ্টি শুরু হলে দুপুর সাড়ে ৩টার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত করে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী আসিফ বলেন, “শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, তা পুরো দেশের মানুষ দেখেছে। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং তার পদত্যাগ দাবি করছি।”
আরেক শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, “একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা তার সন্তানতুল্য। তাই তিনি নৈতিকভাবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে।”
ঢাকা জেলা ট্রাফিক উত্তরের টিআই (অ্যাডমিন) রুহুল আমিন সোহেল বলেন, “দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সড়কে অবস্থান নিয়েছিলাম। পরে বৃষ্টির কারণে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে চলে যায়।”
অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ওএফ/এসআর