নাটোরের সিংড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দুই যমজ বোন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে চমক সৃষ্টি করেছে। তাদের নাম ফাওজিয়া জাহান ঊষা ও ফাবিহা জাহান ঊর্মি। তারা ২০২৫ সালে সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
তাদের বাড়ি সিংড়া পৌর শহরের চাঁদপুর মহল্লায়। তারা জুলহাস উদ্দিন ও ঝরনা খাতুনের মেয়ে। বর্তমানে তারা সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাদের এমন সাফল্যে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এর আগে যমজ বোন ফাওজিয়া জাহান ঊষা ও ফাবিহা জাহান ঊর্মি রহিম ইকবাল কেজি একাডেমি থেকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ‘চলনবিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায়’ অংশ নিয়ে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এছাড়া ফাওজিয়া জাহান ঊষা পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার আয়োজিত এমসিকিউ ম্যাথ অলিম্পিয়াড-২০২৫-এ কৃতি শিক্ষার্থী অ্যাওয়ার্ড অর্জন করে।
যমজ বোনের মা ঝরনা খাতুন জানান, ঊষা ও ঊর্মি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী। তবে তাদের পড়াশোনার মূল প্রতিযোগিতা ছিল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। একজন পড়তে বসলে অন্যজনও বই-খাতা নিয়ে বসে যেত। একজন কোনো বিষয়ে ভালো নম্বর পেলে, অন্যজন পরবর্তী পরীক্ষায় তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করত। দুই বোনের এই সুস্থ প্রতিযোগিতাই তাদের এই গৌরবময় সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।
তিনি আরও বলেন, তাদের ফলাফলে পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। যমজ মেয়েদের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
যমজ বোন ঊষা ও ঊর্মি জানায়, বাবা-মা ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণেই এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ঊষা ভবিষ্যতে জজ এবং ঊর্মি ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা আখতার জাহান বলেন, প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতাই এই অর্জন সম্ভব করেছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের বিষয়টি বিবেচনায় রেখে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এসআই/আরএন