ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বাড়ির সিঁড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত তার মা-বাবার পরিচয় শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের মাদারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বাড়ির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটির কান্নার শব্দ শুনে সিঁড়িতে গিয়ে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক পরিচর্যা দেন।
খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে স্থানীয়দের ভিড় জমে। এ সময় অনেকেই নবজাতকটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেন।
পরে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, নবজাতককে দত্তক নেওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এরপর শুক্রবার শিশু কল্যাণ বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে আইন ও নীতিমালা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে আছে। শিশুটিকে সেখানে রেখে যাওয়া ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত এবং তার পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। পরিচয় পাওয়া না গেলে প্রচলিত আইন ও সরকারি নীতিমালা অনুযায়ী তার ভবিষ্যৎ অভিভাবকত্ব ও পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/আরএন