ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম
X

বরগুনার পাথরঘাটায় বন বিভাগের চারা রোপণের কাজে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর বলেশ্বর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইসসংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের গাছের চারা রোপণের কাজে অংশ নিতে আটজন শ্রমিক একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। মাঝের খাল এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়া ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা সবাই নদীতে পড়ে যান। পরে পাশ দিয়ে যাওয়া আরেকটি ট্রলারের সহায়তায় সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও জাহাঙ্গীর নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয়রা প্রায় ১০টি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে যোগ দেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিকেল ৩টার দিকে নদীর পানি কিছুটা কমে গেলে মাঝের খাল এলাকার একটি চরে গোপজালে আটকে থাকা জাহাঙ্গীরের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় হস্তান্তর করেন।

স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর আগে জেলে পেশায় থাকলেও বর্তমানে দিনমজুর হিসেবে কাজ করতেন। সাঁতার না জানার কারণে দুর্ঘটনার সময় তিনি নিজেকে রক্ষা করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোতের কারণে প্রথমদিকে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় জেলেদের জালে আটকে থাকা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আইএইচ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝