ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভা ঘিরে উত্তেজনা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে সম্ভাব্য দুই প্রার্থীর একই স্থানে সভার আয়োজনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দেয়।

বুধবার দুপুরে উপজেলার প্রতাপের চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য মাসুম রানা চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে তাদের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটছে।

জানা গেছে, বুধবার বিকেলে প্রতাপের চর মসজিদের সামনে রফিকুল ইসলামের একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ খবর পেয়ে মাসুম রানার সমর্থক ইকবাল হোসেন একই স্থানে মিলাদ, দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করেন। এতে দুই পক্ষের নেতাকর্মীরা একই এলাকায় জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উভয় পক্ষের সভা বন্ধ করে দেয়।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রত্যাশী মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার সভা পণ্ড করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একই স্থানে পাল্টা কর্মসূচির আয়োজন করা হয়। তিনি আরও দাবি করেন, তার সমর্থকদের ওপর হামলার পরিকল্পনাও ছিল। পাশাপাশি প্রতিপক্ষের এক সমর্থকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি জানান।

অন্যদিকে চেয়ারম্যান পদপ্রত্যাশী মাসুম রানা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা প্রায় ১৫ দিন আগেই ওই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল মিলাদ, দোয়া মাহফিল ও সমর্থকদের নিয়ে একটি পূর্বনির্ধারিত আয়োজন। প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা কর্মসূচি স্থগিত করেন। তার সমর্থক ইকবাল হোসেনের বিরুদ্ধে আনা মাদক সংশ্লিষ্টতার অভিযোগও তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।

সভার আয়োজক ইকবাল হোসেন বলেন, তিনি মাসুম রানার সমর্থনে কর্মসূচির আয়োজন করেছিলেন এবং অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। তবে পুলিশের নির্দেশে কর্মসূচি বন্ধ হওয়ায় ভোজের আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, একই স্থানে দুই পক্ষের সভার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উভয় পক্ষের সভা বন্ধ করে দেওয়া হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, একই স্থানে দুই পক্ষের সভার বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। তবে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝