জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় এমরান হোসেন (২৮) নামে এক আসামিকে পৃথক দুই ধারায় যাবজ্জীবন ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয় ধারায় পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাস করে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত এমরান হোসেন পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি মামলায় জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। তাই তার অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ নভেম্বর পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিজিবির আটাপাড়া বিওপির সদস্যরা এমরান হোসেনকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনের অ্যাম্পুল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটাপাড়া বিওপির তৎকালীন নায়েক সুবেদার মহাতাব উদ্দিন বাদী হয়ে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাসুদ আলম খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আহসান হাবীব চপল।
এসআইএস/এসআর