ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ক্যাম্পাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের নীলক্ষেত-টিএসসি এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা সায়েন্সল্যাবমুখী হলে প্রধানমন্ত্রী ক্যাম্পাস ত্যাগ করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে।
এর আগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন স্টার্টআপ সহায়তা কর্মসূচির বিভিন্ন ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্ভাবনাময় কোনো স্টার্টআপ উদ্যোগ প্রথমবার ব্যর্থ হলেও যথাযথ মূল্যায়নের ভিত্তিতে পুনরায় অর্থ সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। তাদের সরিয়ে দিতে পুলিশ অবস্থান নিলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে সায়েন্সল্যাবমুখী হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপরই প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ত্যাগ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।
-টিএস