টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক-মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার-মিলন, তুমি গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রায় একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এ ছাড়া রাজশাহী, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির মুখে পড়েছেন। এ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
-টিএস