জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেছেন, বিএনপিতে নেতৃত্ব পাওয়ার যোগ্যতা হচ্ছে কে কত বড় দুর্নীতি করতে পারে এবং জিয়া পরিবারের কতটা ঘনিষ্ঠ। তিনি অভিযোগ করেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসী চরিত্রের ব্যক্তিদের সংসদে পাঠানো হলে জনগণের কল্যাণে আইন প্রণয়ন সম্ভব নয়।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী উপজেলার ডাকবাংলো মোড়ে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সংসদের দায়িত্ব দেশের জন্য আইন প্রণয়ন করা। কিন্তু চোর, বাটপার, গুন্ডা ও চাঁদাবাজদের হাতে সেই দায়িত্ব তুলে দিলে জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা ব্যক্তিদের একটি অংশ জনগণের ওপর ভয়ভীতি ও নির্যাতনের রাজনীতি করেছে।
নওগাঁর আমচাষিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, উৎপাদন এলাকায় কৃষক ২০ টাকা কেজি দরে আম বিক্রি করলেও ঢাকায় একই আম ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্য ব্যবধানের জন্য তিনি মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটকে দায়ী করেন। তাঁর ভাষ্য, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে বিপণন ব্যবস্থায় সংস্কার প্রয়োজন এবং ভোক্তা যে দাম দিচ্ছেন, তার বড় অংশ উৎপাদক কৃষকের হাতে পৌঁছানো উচিত।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, বিচারপ্রক্রিয়াকে দুর্বল করা হয়েছে এবং এতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি দাবি করেন, সাধারণ মানুষ মামলা করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, দান-অনুদানের রাজনীতি দিয়ে দারিদ্র্য দূর করা যাবে না। কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং মানুষের আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি করাই হওয়া উচিত রাষ্ট্রের অগ্রাধিকার। তিনি বলেন, এনসিপির কোনো নেতা বা কর্মী ঘুষ, দুর্নীতি বা অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।
সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি সরকারের সমালোচনা করেন। তাঁর দাবি, বন্যাকবলিত এলাকায় পরীক্ষা কেন্দ্র স্থানান্তর, নৌযানের ব্যবস্থা কিংবা পরীক্ষা পেছানোর মতো উদ্যোগ নিলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমানো যেত।
বক্তব্যের একপর্যায়ে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, বিচার, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে কার্যকর সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। একই সঙ্গে বিএনপির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তিনি।
বদলগাছী উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী। এতে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ স্থানীয় নেতারা।
কেকেএইচ/এসআর