রাঙামাটির কাপ্তাই উপজেলায় খেলতে গিয়ে খোলা সেফটি ট্যাংকিতে পড়ে নন্দী মল্লিক তুলশী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি বাজার এলাকায়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খোলা সেফটি ট্যাংকিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দী মল্লিক তুলশী অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত খোলা সেফটি ট্যাংকিতে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা সুজন মল্লিক শিলছড়ি এলাকায় বসবাস করেন।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, শিশুটি খেলতে গিয়ে হঠাৎ খোলা সেফটি ট্যাংকিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএইচ/আরএন