ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
পশ্চিমবঙ্গ–ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম
X

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে ভ্রমণ এবং সংশ্লিষ্ট ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রতিবছর চিকিৎসা, শিক্ষা, পর্যটন, ব্যবসা ও অন্যান্য বৈধ প্রয়োজনে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক ভারতে ভ্রমণ করেন। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এসব হুমকির কারণে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় প্রবেশকারী বাংলাদেশিরা হেনস্তা, নির্যাতন বা সহিংসতার শিকার হতে পারেন বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, অতীতে ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে নোটিশে দাবি করা হয়েছে।

বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে নোটিশে বলা হয়, নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। তাই প্রকাশ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে নাগরিকদের ওই এলাকায় ভ্রমণের সুযোগ অব্যাহত রাখা রাষ্ট্রের দায়িত্ব পালনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নোটিশে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে সরাসরি সংযুক্ত সব স্থলবন্দরে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম অবিলম্বে সাময়িকভাবে স্থগিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সন্তোষজনক কূটনৈতিক নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ওই দুই রাজ্যগামী যাত্রীদের বিমানবন্দরভিত্তিক ইমিগ্রেশন কার্যক্রমও স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে আগামী সাত দিনের মধ্যে নোটিশদাতাকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে নাগরিকদের জীবন ও নিরাপত্তার স্বার্থে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝