ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১২:০৫ পিএম
X

কাতারের জাতির পিতা, সাবেক আমির ও আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা।

রোববার  সকালে ৭৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কাতারের রাজপ্রাসাদ ‘আমিরি দেওয়ান’ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এক শোকবার্তায় আমিরি দেওয়ান পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেছে, ‘হে প্রশান্ত আত্মা! তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও প্রীতিকর হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।’ (সূরা আল-ফজর: ২৭-৩০)।

শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহর ইচ্ছা ও বিধানের প্রতি পূর্ণ আস্থা রেখে কাতার জাতি তাদের এক মহান নেতা, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও আধুনিক কাতারের স্থপতিকে হারানোর গভীর বেদনা অনুভব করছে।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার দূরদর্শী নেতৃত্বে কাতার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, জ্বালানি, কূটনীতি ও অবকাঠামোগত উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করে বিশ্বমঞ্চে এক প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তার শাসনামলেই মধ্যপ্রাচ্যের দেশ কাতার আধুনিক উন্নয়নের নতুন যুগে প্রবেশ করে এবং আন্তর্জাতিক অঙ্গনে অনন্য মর্যাদা অর্জন করে।

তিনি কেবল কাতারের অভ্যন্তরীণ উন্নয়নই নয়, বরং সমগ্র আরব ও ইসলামী বিশ্বের বিভিন্ন মানবিক, উন্নয়নমূলক ও কূটনৈতিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অসামান্য নেতৃত্ব, প্রজ্ঞা ও দেশপ্রেমের কারণে তিনি কাতারের জনগণের কাছে ‘ফাদার আমির’ এবং ‘জাতির পিতা’ হিসেবে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় সমাদৃত।

আমিরি দেওয়ান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করেছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবার, কাতারের নেতৃত্ব ও দেশবাসীকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন।

কাতারের আধুনিক এই স্থপতির ইন্তেকালে কাতারসহ পুরো আরব ও ইসলামী বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও সাধারণ মানুষ তার অসামান্য অবদানের কথা স্মরণ করে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছেন।

এস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝