বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে টিকিটের পুনর্বিক্রয় (রিসেল) বাজারে বড় ধরনের মূল্যপতন দেখা গেছে। সবচেয়ে আলোচিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম শেষ ষোলোর আগের তুলনায় প্রায় ৫২ শতাংশ কমেছে।
টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিক–এর তথ্য অনুযায়ী, কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের বর্তমান মূল্য ১ হাজার ১৪২ মার্কিন ডলার। শেষ ষোলোর আগে একই টিকিটের দাম ছিল ২ হাজার ৩৮১ ডলার। অর্থাৎ টিকিটপ্রতি দাম কমেছে ১ হাজার ২৩৯ ডলার।
শুধু এই ম্যাচ নয়, কোয়ার্টার ফাইনালের অন্যান্য ম্যাচের টিকিটের দামেও একই প্রবণতা দেখা গেছে।
ক্যালিফোর্নিয়ার ইংলউডে অনুষ্ঠিতব্য স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম নেমে এসেছে ১ হাজার ৩৮১ ডলারে। যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার আগে একই টিকিটের মূল্য ছিল ৩ হাজার ২৬১ ডলার। ফলে এ ম্যাচে টিকিটের দাম কমেছে প্রায় ৫৮ শতাংশ।
অন্যদিকে, ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম এখন ২ হাজার ৪৯ ডলার। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আগে যার মূল্য ছিল ৩ হাজার ৮৬৬ ডলার। এ ক্ষেত্রে দাম কমেছে প্রায় ৪৭ শতাংশ।
বিশ্লেষকদের ধারণা, সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর স্থানীয় দর্শকদের চাহিদা কমে যাওয়ায় রিসেল বাজারে টিকিটের দামে এ পতন দেখা দিয়েছে।
তবে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ, ফাইনালের টিকিটের চাহিদা এখনো তুঙ্গে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের জন্য ফিফা প্রায় ১ হাজার ২০০টি অতিরিক্ত টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করেছে।
ফিফার নির্ধারিত মূল্য অনুযায়ী, ফাইনালের ক্যাটাগরি-২ টিকিটের দাম ৭ হাজার ৩৮০ মার্কিন ডলার। আর ক্যাটাগরি-১ টিকিটের মূল্য রাখা হয়েছে ১৯ হাজার ৯৯৫ থেকে ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলারের মধ্যে।
-টিএস