চার বছর আগে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে তার বাসায় অভিযান চালানোর পর তাকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘বিশেষ মহলের স্বার্থে’ গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান পরীমণি। সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেওয়া তার বক্তব্যের প্রসঙ্গ টেনে অভিনেত্রী দাবি করেন, ওই বক্তব্যের মাধ্যমে ২০২১ সালের অভিযানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
পরীমণির ভাষ্য, তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্ট্যাটাসে পরীমণি আরও অভিযোগ করেন, পরে তার বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা দিয়ে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়। তার দাবি, ওই সময়ের অভিজ্ঞতা তার জীবন ও ক্যারিয়ারকে গভীরভাবে প্রভাবিত করেছে।
সত্য একদিন প্রকাশ পাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে পরীমণি লেখেন, সময় লাগলেও সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। তিনি বলেন, গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার ভুক্তভোগী হিসেবে জীবন কাটাচ্ছেন এবং তার সম্মান, ব্যক্তিত্ব ও চরিত্র প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্নও তুলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আদালত ভবিষ্যতে তাকে অব্যাহতি দিলেও হারিয়ে যাওয়া সময়, মানসিক শান্তি ও সম্মান কি ফিরিয়ে দেওয়া সম্ভব? তার বিরুদ্ধে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না—সেই প্রশ্নও রাখেন তিনি।
পরীমণি জানান, তিনি প্রতিশোধ নয়; সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলতে চান। ভবিষ্যতে যেন কোনো নির্দোষ ব্যক্তি এ ধরনের পরিস্থিতির শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
একই সঙ্গে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অতীতের তিক্ততা পেছনে ফেলে নিজের কাজ, সন্তান, পরিবার ও দর্শকদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন।