ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপি বিদ্যুতের পরিবর্তে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:০৭ পিএম
X Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে জনগণের জীবনমানের উন্নয়ন করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি, হারিকেন ধরিয়ে দিয়েছে। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী উপজেলার জিরো পয়েন্ট সংলগ্ন পৌরসভা প্রাঙ্গণে এনসিপির দক্ষিণাঞ্চলীয় ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি অল্প সময়ের মধ্যেই অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। তার ভাষ্য, যারা আগে রিকশা চালাতেন বা কষ্টে জীবনযাপন করতেন, তারা এখন বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন। মামলা বাণিজ্য, বালু বাণিজ্য, চাঁদাবাজি ও সমাজে বিভাজন সৃষ্টি করে তারা অর্থ উপার্জন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমরা শুধু চাঁদাবাজির পরিবর্তন চাইনি, চাঁদাবাজদেরও পরিবর্তন চেয়েছি। আমরা শুধু দুর্নীতির পরিবর্তন চাইনি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরও পরিবর্তন চেয়েছি।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশ এখনো দুর্নীতিমুক্ত হয়নি, চাঁদাবাজমুক্ত হয়নি, মাদকমুক্ত হয়নি। চাকরিপ্রার্থীদের সিভি নিয়ে অফিসে অফিসে ঘোরার পরিস্থিতিরও পরিবর্তন হয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও এখনো কমেনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ক্ষমতায় এসে আপনারা এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ছয় মাস হতে চললেও এখনো একজনেরও কর্মসংস্থান করতে পারেননি। আমরা পুরোনো খেলায় নতুন খেলোয়াড় হতে আসিনি, বরং খেলার নিয়মই পরিবর্তন করতে এসেছি।

এনসিপির তরুণ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজ পরিবর্তনে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সম্মিলিতভাবে নতুন সমাজ গঠনের আহ্বান জানান তিনি।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় ফেনীর সোনাগাজী থেকে। সোনাগাজী বাজারের তাকিয়া রোড থেকে শুরু হওয়া পদযাত্রাটি পৌরসভা প্রাঙ্গণে এসে পথসভায় মিলিত হয়।

এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ জোনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন পিয়াল, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপি ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব এবং সদস্য আবদুল্লাহ আল জোবায়েরসহ অন্যান্য নেতারা।

এনসিপির সোনাগাজী উপজেলা শাখার সদস্য সচিব মোশারফ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝