এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্য সুবিধা অব্যাহত রাখা, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার (৯ জুলাই) আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-ইইউ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ইইউর উত্থাপিত বিভিন্ন উদ্বেগ নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিদেশি বিনিয়োগ বাড়ানো, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, জ্বালানি সংকট মোকাবিলা এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে বাংলাদেশকে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে।
তিনি অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা দূর, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং এলডিসি-পরবর্তী বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে দ্রুত ও কার্যকর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-টিএস