ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাপ্তাইয়ে অতিবর্ষণে পাহাড় ধস, যান চলাচল বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:১৪ পিএম
X Advertisement

টানা অতিবর্ষণের কারণে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুচরা এলাকায় চট্টগ্রাম–কাপ্তাই সড়কে পাহাড় ধস ও একটি বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার রাত থেকে টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর জমে যায় এবং একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে। এতে সড়কের উভয় দিক থেকে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার এবং প্রত্যক্ষদর্শী কাপ্তাই বিউবো স্কুলের সাবেক প্রধান শিক্ষক নুরুল কবির করিমী।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণ ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাপ্তাই ফায়ার সার্ভিস, বন বিভাগ, পিডিবি এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে গাছ ও ধসে পড়া মাটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে টানা বর্ষণে কাপ্তাই নতুন বাজারের ঢাকাইয়া কলোনিতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত প্রায় ৫০০ পরিবারকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন। তারা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করেন।

ইউএনও মো. রায়হানুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা ব্যক্তিদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসহ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধস, বসতভিটার ক্ষতি এবং জনদুর্ভোগের খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝