ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেষ মুহূর্তের গোলে রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের ইতি, কোয়ার্টার ফাইনালে স্পেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৪৯ এএম আপডেট: ০৭.০৭.২০২৬ ৮:৫০ এএম
X
Advertisement

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শেষ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। নাটকীয় লড়াইয়ে যোগ করা সময়ের গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। একই সঙ্গে ৪১ বছর বয়সী রোনালদোর শেষ বিশ্বকাপ অভিযানও শেষ হলো হৃদয়ভাঙা পরাজয়ে।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই ইউরোপীয় পরাশক্তির লড়াই ছিল হাড্ডাহাড্ডি। বলের দখলে এগিয়ে ছিল স্পেন, তবে পাল্টা আক্রমণে বারবার বিপজ্জনক হয়ে ওঠে পর্তুগাল। ১০ মিনিটে মিকেল ওইয়ারসাবালের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিট পর বক্সের ভেতর থেকে রোনালদোর জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন।

এরপর লামিন ইয়ামাল, দানি অলমো ও অ্যালেক্স বায়েনাকে নিয়ে একের পর এক আক্রমণ চালায় স্পেন। তবে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা ছিলেন দুর্দান্ত। ১৮ মিনিটে ইয়ামাল ও বায়েনার পরপর দুটি শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন তিনি।

প্রথমার্ধের সেরা সুযোগটি আসে ৪২ মিনিটে। কর্নার থেকে পাওয়া বলে নুনো মেন্দেসের দূরপাল্লার শট স্পেনের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে ক্রসবারে আঘাত করে ফিরে আসে। ভাগ্য সহায় হলে সেখানেই এগিয়ে যেতে পারত পর্তুগাল। তবে বিরতিতে যায় দুই দলই গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ইয়ামালের গতি, অলমোর সৃজনশীলতা ও পেদ্রির নিখুঁত পাসিংয়ে চাপে পড়ে পর্তুগাল। অন্যদিকে রোনালদোকে ঘিরে কয়েকটি আক্রমণ গড়ে তুললেও সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি। ৬০ মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল থেকেও গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো।

ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন নুনো মেন্দেস। এরপর রাফায়েল লেয়াও, দিয়োগো দালোট, ফ্রান্সিসকো কনসেইসাও ও বার্নার্দো সিলভাকে নামিয়ে আক্রমণভাগে পরিবর্তন আনেন কোচ রবার্তো মার্তিনেজ। জবাবে স্পেনও ফেরান তোরেস ও মিকেল মেরিনোকে মাঠে নামিয়ে গতি বাড়ায়।

সবকিছু যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে মাঝমাঠ থেকে ফেরান তোরেসের নিখুঁত থ্রু পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দিয়োগো কস্তাকে পরাস্ত করেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। সেই এক গোলেই উল্লাসে ফেটে পড়ে স্পেন, আর স্তব্ধ হয়ে যায় পর্তুগাল শিবির।

বাকি সময় মরিয়া চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি পর্তুগাল। শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হয় স্পেনের ১-০ ব্যবধানের জয় এবং কোয়ার্টার ফাইনালের টিকিট।

ম্যাচের আগেই রোনালদো ঘোষণা দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তিনি বলেছিলেন, ফল যাই হোক, ফুটবলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ায় তার কোনো আক্ষেপ থাকবে না। তবু শেষ মুহূর্তের এক গোল কেড়ে নিল বিশ্বকাপ জয়ের শেষ স্বপ্নটুকু।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মুখোমুখি হবে বেলজিয়ামের। আর পর্তুগালের বিদায়ের মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুই দশকেরও বেশি সময়ের বর্ণিল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement