ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘নিখোঁজ’ নাটক সাজাতে গিয়ে ধরা, উঠান খুঁড়ে উদ্ধার স্ত্রীর লাশ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম আপডেট: ০৬.০৭.২০২৬ ৫:৫১ পিএম
X Advertisement

মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে হত্যার পর মরদেহ বাড়ির উঠানে মাটিচাপা দিয়ে ‘নিখোঁজ’ নাটক সাজাতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্বামী আলমগীর হোসেন। স্ত্রী নিখোঁজের অভিযোগ জানিয়ে নিজেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে পুলিশের সন্দেহের মুখে পড়েন তিনি। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির উঠান খুঁড়ে উদ্ধার করা হয় স্ত্রী জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ।

সোমবার (৬ জুলাই) দুপুরে রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে আলমগীর হোসেনের বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করে রাজনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর হোসেন শ্বাসরোধ করে তার স্ত্রী জাহেদা বেগমকে হত্যা করেন। পরে গভীর রাতে ঘটনাটি গোপন রাখতে বসতবাড়ির উঠানের একপাশে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।

ঘটনার কয়েক দিন পর সন্দেহ এড়াতে পরিকল্পিতভাবে তিনি রাজনগর থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। এ সময় পুলিশকে বিভ্রান্ত করতে তিনি দাবি করেন, তার স্ত্রী কাউকে কিছু না জানিয়ে গোপনে বিদেশে চলে গেছেন।

তবে জিডি করতে গিয়ে আলমগীরের অসংলগ্ন বক্তব্য ও অস্বাভাবিক আচরণে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সন্দেহ হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি ভেঙে পড়েন এবং স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পাশাপাশি মরদেহ কোথায় পুঁতে রাখা হয়েছে, তাও জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার পুলিশ বাড়ির উঠান খুঁড়ে জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরএ/এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝