সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর বাংকার এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।
পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাদাপাথরের জিরোপয়েন্টে ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে নিখোঁজ হন সুব্রত সাহা। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে।
বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন তিনি। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও অন্ধকার নেমে আসায় তা স্থগিত করা হয়। শুক্রবার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
-টিএস