ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণ, নিহত ৪, আহত অন্তত ১১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম
X
Advertisement

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের হেজাজ এলাকার আল-নাসর স্ট্রিটে এ ঘটনা ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আল-মুজতাহিদ হাসপাতালে ১৪ জনকে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন এবং ১০ জনের চিকিৎসা চলছে। এছাড়া আরও একজন আহতকে সিরিয়ান রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি বিস্ফোরক, গ্যাস লিক নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে দামেস্কে একাধিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে একজন সেনা সদস্য নিহত এবং ২০ জনের বেশি আহত হন। একই মাসে রাজধানীর অন্য একটি এলাকায় একটি খালি বাসে বিস্ফোরণে পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হন।

এদিকে, দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর গঠিত হতে যাওয়া সিরিয়ার নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনকে সামনে রেখে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি আরও ৭০ জন আইনপ্রণেতার নাম ঘোষণা করেছেন। আগামী ৬ জুলাই ২১০ সদস্যের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সদস্যরা শপথ নেবেন।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: সানা ও রয়টার্স

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement