নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ফুটপাত দখল ও সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করার অভিযোগে ১৫ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে সড়ক পরিবহন আইনে অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, চলমান এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে মোগড়াপাড়া চৌরাস্তার পূর্ব ও পশ্চিম পাশে অবৈধ স্থাপনা এবং যত্রতত্র অটোরিকশা ও সিএনজি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও আসিফ আল জিনাত বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিডার সড়কে অবৈধভাবে ফুটপাত দখল ও সড়কে অটোরিকশা-সিএনজি পার্কিং বন্ধে একাধিকবার অভিযান, মাইকিং এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অটোরিকশা ও সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড থাকা সত্ত্বেও চালকরা সড়কের ওপর যানবাহন রেখে যানজট সৃষ্টি করছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমেও তাদের সতর্ক করা হলেও তারা নির্দেশনা মানেননি।
তিনি আরও বলেন, “এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবারও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের অভিযান সতর্কতামূলক। ভবিষ্যতে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।”
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, মোগড়াপাড়া চৌরাস্তার দুই পাশে নিয়মিত যানজট সৃষ্টি হওয়ায় জনভোগান্তি বাড়ছিল। এ পরিস্থিতি নিরসনে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এইচএমআর/এসআর