ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেইমারের প্রত্যাবর্তন, ভিনিসিয়াসের আগুন- নতুন স্বপ্নে ব্রাজিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৪০ পিএম
X
Advertisement

বিশ্বকাপের মঞ্চে ইতিহাসের কিছু অদ্ভুত মিল বারবার ফিরে আসে। সেই ইতিহাসই যেন এবার নতুন করে আশার আলো দেখাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভিনিসিয়াস জুনিয়র। আর প্রায় তিন বছর পর নেইমারের মাঠে ফেরা যেন সেলেসাওদের স্বপ্নে নতুন মাত্রা যোগ করেছে।

বিশ্বকাপের পরিসংখ্যান বলছে, ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো-রিভালদোদের সময়ে ব্রাজিলের আক্রমণভাগের তারকারা গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করেছিলেন। তিনবারই শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি উঠেছিল ব্রাজিলের হাতেই। এবার সেই তালিকায় যোগ হয়েছে ভিনিসিয়াসের নাম।

গ্রুপ 'সি'-এর তিনটি ম্যাচেই গোল করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। তার দুর্দান্ত গতি, ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিংয়ে ব্রাজিলের আক্রমণভাগ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। সমর্থকদের মুখে এখন একটাই স্লোগান- ‘বাইলা ভিনি’।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল। ম্যাচের ব্যবধান আরও বড় হতে পারত বলে মনে করছেন বিশ্লেষকরা। দলটির আক্রমণাত্মক ফুটবলও ফিরেছে পুরোনো ছন্দে।

এরই মধ্যে সবচেয়ে বড় সুখবর নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ ৯৮১ দিন পর মাঠে নেমে শেষ ১৫ মিনিট খেলেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। যদিও এটি পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন নয়, তবু কোচ কার্লো আনচেলত্তির মতে, নেইমার ধীরে ধীরে নিজের সেরা ছন্দ ফিরে পাচ্ছেন।

তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এগোতে চায় ব্রাজিল। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে বিদায়ের তিক্ত স্মৃতি এখনও ভুলতে পারেনি দলটি। তাই এবার ৯০ মিনিট, অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকার-সব পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছে সেলেসাওরা।

অন্যদিকে শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ জাপানও রয়েছে আত্মবিশ্বাসে টইটম্বুর। নিজেদের 'এশিয়ান ব্রাজিল' হিসেবে পরিচয় দেওয়া দলটি বিশ্বাস করে, বড় মঞ্চে যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো সম্ভব।

সবশেষ মুখোমুখি লড়াইয়ে জাপানের কাছে হেরেছিল ব্রাজিল। যদিও সেই ম্যাচে পূর্ণ শক্তির দল ছিল না সেলেসাওদের। এবার পরিস্থিতি ভিন্ন। বিশ্বকাপের নকআউট পর্বে দুই দলের লড়াই ঘিরে তাই উত্তেজনা তুঙ্গে।

এখন দেখার বিষয়, ভিনিসিয়াস কি তার গোলের ধারা অব্যাহত রাখতে পারেন, আর নেইমার কি ফিরে পান সেই পুরোনো জাদু। যদি দুটিই ঘটে, তাহলে ইতিহাস হয়তো আবারও ব্রাজিলের পক্ষেই কথা বলবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement