লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে অবস্থিত দক্ষিণ পূর্ব চর কাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধ্য আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বমোট ৩০০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
সোমবার দক্ষিণ পূর্ব চর কাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার প্রান্তিক সাহা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের এরিয়া ম্যানেজার মাহবুব আলম ও সাংবাদিক মিসু সাহা নিক্কন।
প্রধান অতিথি তার বক্তব্যে কোডেকের এই মহতী ও জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিক ভাবে সাধুবাদ জানান এবং পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি কোডেক পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও উপকূলীয় এ উপজেলায় কোডেকের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং একটি সুন্দর, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজ যে চারাগুলো বিতরণ করা হয়েছে, সেগুলো যত্ন সহকারে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানানো হয়।'
কোডেক বিশ্বাস করে, আজকের একটি চারা আগামী দিনের একটি সবুজ স্বপ্ন। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাই, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই- সবুজ হোক আমাদের আগামী।
এমএ