ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৩৫ এএম
X

ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে। গত দুই দিনে রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৩৬০ জনকে। এখনও ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট (স্পিকার) জর্জ রদ্রিগুয়েজ। এক বিবৃতিতে তিনি বলেন, ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, “এমন বিধ্বংসী ভূমিকম্পের পর প্রতিটি জীবন বাঁচানো এক একটি অলৌকিক ঘটনা।”

গত ২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুই ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

বুধবারের এই জোড়া ভূমিকম্পকে ভেনেজুয়েলার ইতিহাসের অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে দেশজুড়ে অসংখ্য ভবন ও বাসাবাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইউএসজিএসের আশঙ্কা, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা এক লাখও ছাড়িয়ে যেতে পারে।

এই ভয়াবহ বিপর্যয়ের পর উত্তর ভেনেজুয়েলার হাজারো পরিবার এখনও ধ্বংসস্তূপে চাপা পড়া স্বজনদের উদ্ধারের অপেক্ষায় উদ্বেগ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদেরই একজন নাজারেথ জিমেনেজ।

শুক্রবার রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরার একটি ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপে প্রতিবেশীরা পাওয়ার টুল দিয়ে কংক্রিটের বিশাল চাঁই কেটে উদ্ধারকাজ চালানোর চেষ্টা করছিলেন। সেই দৃশ্য দেখতে দেখতে এক স্বজনের কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদছিলেন নাজারেথ। বিড়বিড় করে তিনি বলছিলেন, “হায় ঈশ্বর, আমরা ওদের ওখান থেকে কীভাবে বের করে আনব?”

এএফপিকে নাজারেথ জানান, তার ভাইবোন, ভাইপো-ভাইঝি, ভাগ্নে-ভাগ্নি এবং কয়েকজন বন্ধু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তারা জীবিত বেরিয়ে আসবেন কি না, সেই উৎকণ্ঠায় তিনি প্রহর গুনছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারী যন্ত্রপাতির সংকটের কারণে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা সম্ভব হচ্ছে না।

বিশ্ব সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়ে নাজারেথ বলেন, “আমরা বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে সাহায্য চাইছি। ধ্বংসস্তূপের ভেতরে এখনও মানুষ জীবিত আছে।”

লা গুয়াইরার আরেক বাসিন্দা ২৫ বছর বয়সী জেনিফার পালাসিওস জানান, তার ছয় বছর বয়সী ছেলে এবং পরিবারের আরও পাঁচ সদস্য একটি আটতলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, “স্থানীয় মানুষ হাতের কাছে যা পাচ্ছেন, তাই দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। কিন্তু বিশাল কংক্রিটের চাঁই সরাতে ক্রেন প্রয়োজন। এখনও এখানে কোনো ক্রেন পৌঁছায়নি। আশপাশের ভবনগুলোতেও বহু মানুষ আটকা পড়ে আছেন।”

এদিকে এএফপির সঙ্গে নাজারেথ, জেনিফার ও অন্যদের কথা বলার সময়ই হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। তিনি জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ। আমাদের যেসব বিদেশি বন্ধু উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে চান, আমরা তাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করাই সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

সূত্র: এএফপি



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝