চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে দক্ষিণ ফটিকছড়ি যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এ মুরাদ চৌধুরী বলেন, “আমার নেত্রী খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করেছি, সারাজীবন সেই আদর্শ নিয়েই রাজনীতি করে যাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনা বাস্তবায়নে চট্টগ্রামে কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব।”
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত এ ক্রীড়া আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান এলাকাবাসী।
বক্তারা বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং মেধাবী খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের শুভেচ্ছা জানানো হয়।