ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।
বুধবার (২৪ জুন) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার খাটিংগা গ্রামের মৃত আলমগীর মিয়ার ছেলে মো. রনি মিয়া (১৮)।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশের একটি দোকানের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি তার হাত ধরে টানাটানি করছিলেন রনি মিয়া। বিষয়টি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুল আলমের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।
চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. সামছুল হক জানান, রনি এর আগেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযুক্তকে আটক করে আউলিয়া বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে।
ঘটনার খবর পেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ইভটিজিং বা নারীদের প্রতি হয়রানি বরদাশত করা হবে না।” তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সবাইকে সতর্ক করেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
এসআর/আরএন