ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের ওপর উঠে যাওয়ার ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আহত হয়েছে অন্তত সাত জন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস টোল প্লাজার আগে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটি মোটরসাইকেল লেনে ঢুকে একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের যাত্রী অমিত হাসানসহ সাত জন আহত হন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিহত সফিকুল ইসলামের বাড়ি শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকায়। তিনি একটি আর্টিসান প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এইচআই/এমএ