ভোলার লালমোহন উপজেলায় ৩ লাখ ৬০ হাজার টাকার অবৈধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। শনিবার দুপুরে পৌর শহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান স্টোরের গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়।
কোস্ট গার্ড লালমোহন বিসিজি আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. ইকরামুল কবীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে একই দিন বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসান স্টোরের মালিক মো. সাব্বির হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
এ সময় জব্দকৃত ১ হাজার ৪৪০ কেজি অবৈধ পলিথিন বিনষ্ট করতে ও পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
এইচপি/এমএ