ভারি বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কামারখোলা রেলওভার ব্রিজ থেকে নামার ঢালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশাল থেকে সায়েদাবাদগামী একটি যাত্রীবাহী বাস বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেল ভেঙে সার্ভিস রোডে কাত হয়ে পড়ে। এতে বাসের অন্তত ১৪ যাত্রী আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি এবং ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের বাসটি বৃষ্টির মধ্যে পিচ্ছিল সড়কে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
এইচআইএল/এসআর