নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাদক ব্যবসায়ীদের ইট-পাটকেলের ঢিলে পাঁচ পুলিশসহ আট জন আহত হয়েছেন। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ তিন জনকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে।
আটককৃত অপর দু'জন হলেন- ফাইটার মনিরের সহযোগী নাইম (৩০) ও মাসুম (২৪)।
আহতরা হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনেষ্টেবল আশিক, পথচারী হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও এ কে এম শফিউদ্দিন। তাদেরকে শহরের খানপুরস্থ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির ও তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) আটক করা হয়। তাদের ছিনিয়ে নিতে মনিরের সহযোগীরা প্রথমে পুলিশের উপর এলোপাতারী ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫/৬ রাউন্ড গুলি করে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্ট গানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী ও আটককৃত মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।'
সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র ্যাব ও পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।
এসএস/এমএ