চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রায় এক সপ্তাহ পর আবারও পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার মধ্যরাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা চালায় বিএসএফ।
বিজিবি জানায়, ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধীনস্থ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপির নিকট দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হাবিবপুর থানার ৮৮ বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৪ জন ব্যক্তিকে (২ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু) নৌপথে পুনর্ভবা নদী হয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি তা প্রতিহত করে।
এ সময় পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে জানায় বিজিবি।
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান মাসুম জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ জুন (বৃহস্পতিবার) ভোরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ঘুঘিয়া আনারপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করে বিজিবি।
এনআই/আরএন