খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তৎপরতার অভিযোগে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পৃথক ঘটনায় খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ঝটিকা মিছিল ও হামলার অভিযোগ উঠেছে।
বুধবার খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন পুলিশ সদস্যরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, বুধবার রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করা হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, “মারামারির ঘটনার খবর পেয়েছি। তবে এটি রাজনৈতিক কারণে ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, বুধবার বিকেলে খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক সড়কের গুগড়াছড়ি বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এরপর ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এনএম/এসআর